সফিক ইসলাম: পাবনার ফরিদপুর উপজেলার পুংগলী ইউনিয়নের মধ্য পুংগলী গ্রামে গেল বছর ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে বিরোধের জের ধরে ফের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।আর এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
২৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার মধ্য পুংগলী গ্রামে হাজী গোষ্ঠী ও বাদশাহ গোষ্ঠীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকার সুত্র জানা গেছে, গত বছর ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে সামনে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়।
আর পুরনো বিরোধের জের ধরে আজ সকালে আবারও শুরু হয় উত্তেজনা এবং দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদেরকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।ফরিদপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিউল আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এখনো ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে কোনো পক্ষ থানায় এখনো অভিযোগ দেয়নি।